পাঁচবিবিতে বিজিবির হানা: ৩ কোটি টাকার বিদেশি মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তি জব্দ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

ভারতে পাচারের সময় পাঁচবিবি-হিলি সড়ক থেকে এসব মালামাল উদ্ধার করে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ২০ বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচবিবি এলাকা দিয়ে একটি আন্তর্জাতিক পাচারকারী চক্র যানবাহনযোগে হিলি সীমান্ত হয়ে ভারতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচারের চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

গত ৪ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল পাঁচবিবি-হিলি সড়কের পাঁচবিবি চেকপোস্ট এলাকায় সতর্ক অবস্থান নিয়ে তল্লাশি চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পাচারকারীরা পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় চালানটি জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে ৬০টি দেশের মোট ৫৭০টি বিভিন্ন প্রকার কয়েন রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৬ লাখ ৩৭ হাজার ৬০ টাকা। এছাড়া ৭০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৭০ হাজার টাকা।

উদ্ধারকৃত মুদ্রা ও মূর্তিটি বর্তমানে ব্যাটালিয়ন সদরের নিরাপত্তা কাস্টোডিতে সংরক্ষিত রয়েছে।

কষ্টিপাথরের মূর্তিসদৃশ প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com