নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ, পিপিএম। এ সময় তিনি পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় নওগাঁ জেলা পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ডিআইজি মোঃ আশিক সাঈদ। এ সময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনার মাধ্যমে তাঁকে স্বাগত জানান।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ডিআইজি। বক্তব্যে তিনি দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের প্রতিটি কর্মকাণ্ডে মানবিকতা ও দায়িত্বশীলতার প্রতিফলন থাকতে হবে। জনগণের আস্থা অর্জন এবং জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।

পরে ডিআইজি নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি অফিসের বিভিন্ন শাখার কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র, রেজিস্টার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি দাপ্তরিক কাজে স্বচ্ছতা, শৃঙ্খলা, গতিশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বার্ষিক প্যারেড ও পরিদর্শনকালে নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com