ঢাকায় গ্রাম পুলিশদের মহাসমাবেশ: ক্ষেতলালে প্রস্তুতি সভা ও পরিচয়পত্র বিতরণ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
ঢাকায় আয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় মহাসমাবেশে অংশগ্রহণ সফল করার লক্ষ্যে জয়পুরহাটের ক্ষেতলালে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর বুধবার বেলা ১১ঃ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি।
আগামী ৭ নভেম্বর ঢাকার তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের মহাসমাবেশে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে গ্রাম পুলিশ সদস্যদের সুশৃঙ্খল উপস্থিতি নিশ্চিত করতেই এ সভার আয়োজন করা হয়।
সভায় মহাসমাবেশে অংশগ্রহণকারী গ্রাম পুলিশ সদস্যদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আনুষ্ঠানিকভাবে বিশেষ পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সভাপতির বক্তব্যে ইউএনও জাকির মুন্সি বলেন, জাতীয় পর্যায়ের এ মহাসমাবেশে অংশগ্রহণ ক্ষেতলাল উপজেলার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি সমাবেশে গমনাগমন, নির্ধারিত সময়ে উপস্থিতি, ব্যক্তিগত ও দলগত শৃঙ্খলা বজায় রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের কঠোর নির্দেশ দেন। একই সঙ্গে যাতায়াত নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দফাদার, মহল্লাদারসহ গ্রাম পুলিশের সদস্যবৃন্দ এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।