দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১০ পিএম
তানভীর আজাদ, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তালগাছের সঙ্গে ধাক্কা লেগে রোকন ইসলাম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শশীধরপুর-স্বরূপপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকন ইসলাম উপজেলার তারাগুনিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি ডিস কেবল লাইনে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলের উদ্দেশে বের হন রোকন। শশীধরপুর-স্বরূপপুর সড়ক দিয়ে যাওয়ার সময় কোনো একপর্যায়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা একটি তালগাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রোকন ইসলামকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত হওয়ার খবর পেয়েছেন তারা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাত্র ১৮ বছর বয়সে রোকনের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কর্মজীবনের শুরুতেই তার এমন মর্মান্তিক বিদায়ে শোকাহত পরিবার ও পরিচিতজনেরা।