পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ ইয়াবা জব্দ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৮০ হাজার টাকা। তবে অভিযানের সময় মাদকের কথিত মালিককে পাওয়া যায়নি।

রবিবার ১ নভেম্বর রাত সাড়ে ১২টার সময় পাঁচবিবি উপজেলার বালিঘাটা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে ৩০ সদস্যের একটি টহল দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জয়পুরহাট কার্যালয়ের একটি দল যৌথভাবে অভিযান চালায়। অভিযানে বালিঘাটা বাজার এলাকার মোঃ হাবিব মন্ডলের বাড়ির এক ভাড়াটিয়ার ব্যবহৃত কক্ষে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

অভিযানের সময় পাঁচবিবি উপজেলার কমিশনার মোঃ আমজাদ হোসেন, ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে ব্যাটালিয়ন সদরে ইয়াবাগুলো গণনা করে ২০০ পিস পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী এগুলোর সিজার মূল্য ৮০ হাজার টাকা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই কক্ষের ভাড়াটিয়া মোঃ জামাল হোসেন (৫০) সেখানে মাদক ব্যবসা পরিচালনা করতেন বলে জানাগেছে।

তবে অভিযানের সময় তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় তাকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

জব্দকৃত ইয়াবা পরবর্তী বিচারিক কার্যক্রম ও ধ্বংসের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে সংরক্ষিত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com