কৃষিপণ্যের লাভজনক দাম ও ভর্তুকির দাবিতে ক্ষেতলালে কৃষক সমাবেশ ও বিক্ষোভ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
কৃষকদের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য নিশ্চিতকরণ এবং কৃষি উপকরণে পর্যাপ্ত ভর্তুকির দাবিতে জয়পুরহাটের ক্ষেতলালে কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক সমিতি ক্ষেতলাল উপজেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে অংশ নেওয়া আন্দোলনকারীরা অভিযোগ করেন, বর্তমান বাজারে সার, বীজ, ডিজেলসহ নিত্যপ্রয়োজনীয় কৃষি উৎপাদন উপকরণের চড়া দাম এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার কারণে কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। কৃষক ও কৃষিখাতকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীদের হাতে থাকা ব্যানারে প্রধান দাবিগুলো তুলে ধরা হয়:কৃষকের উৎপাদিত পণ্যের লাভজনক দাম নিশ্চিত করা। সার, বীজ, ডিজেলসহ সকল কৃষি উৎপাদন উপকরণে পর্যাপ্ত ভর্তুকি দেওয়া। প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ‘পল্লী রেশনিং’ ব্যবস্থা কার্যকর করা।
কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও' স্লোগানে আয়োজিত এই সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। কর্মসূচিতে স্থানীয় কৃষক, কৃষক সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশ নেন।