চট্টগ্রামে বাসে বিশেষ কায়দায় লুকানো ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. জালাল উদ্দীন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮৬ লাখ ৪০ হাজার টাকা। একটি যাত্রীবাহী বাসের মালামাল রাখার বক্সে লোহার তৈরি হাইড্রোলিক জ্যাকের ভেতরে বিশেষ কায়দায় এসব ইয়াবা লুকিয়ে রাখা হয়েছিল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে নগরের বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় জিরার্ড ফ্যাশন গার্মেন্টসের বিপরীতে নাহার স্কেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (উত্তর) টিম-২ ও স্পেশাল টিম-২-এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে, কক্সবাজার থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে একজন মাদক কারবারি মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রাম নগরে আসছেন। এ তথ্যের ভিত্তিতে বাকলিয়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বাসটিতে তল্লাশি চালানো হয়।
এ সময় ঢাকা মেট্রো-ব-১৫-৭৯৫৪ নম্বরের হানিফ এন্টারপ্রাইজের বাস থেকে মো. জালাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ থানার উত্তর ডেইল পাড়ার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত হাসেম।
পরে গ্রেপ্তার ব্যক্তির দেখানো মতে বাসের মালামাল রাখার বক্সে থাকা একটি লোহার তৈরি হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো বিশেষ কৌশলে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মো. জালাল উদ্দীনের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৩ সালের ৪ আগস্ট ঢাকা মহানগর পুলিশের মতিঝিল থানায় এবং ২০১৭ সালের ৯ জুলাই কক্সবাজার সদর থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন
বিদেশি বিনিয়োগ আকর্ষণে নিয়ন্ত্রণমূলক জটিলতা দূর করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের
ইয়াসিনের নামে ৬৫ জমির দলিল রেজিস্ট্রি, সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রারের বদলি স্থগিত
দোগাছীতে দুই প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল ‘দি স্যালভেশন আর্মি’