শাকিল হত্যার বিচার, এমপি পদ বাতিল চান ঢাকা মহানগর ২৪নং ওয়ার্ড সহ-সভাপতি জুবায়ের আহমেদ দারদা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক :
নাটোর-৪ আসনের সংসদ সদস্যের বিতর্কিত কর্মকাণ্ড এবং ছাত্রদল কর্মী শাকিল হত্যার প্রতিবাদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে। শাকিল হত্যার সুষ্ঠু বিচার, নাটোর-৪ আসনের সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার ও তার সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন প্রতিবাদকারীরা।
স্থানীয় প্রতিনিধি ও জুবায়ের আহমেদ দারদা বলেন, ছাত্রদল নেতাদের চরম ত্যাগ ও আন্দোলনের ওপর ভর করে নির্বাচিত হওয়া ওই সংসদ সদস্য এবং তার সহযোগীদের বিরুদ্ধে ছাত্রদল কর্মী শাকিলকে হত্যার অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ নেতা-কর্মীদের দাবি, অবিলম্বে এই হত্যাকাণ্ডের পেছনের মূল আসামিদের গ্রেপ্তার করে রিমান্ডে এনে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। তা না হলে শাকিল হত্যার প্রকৃত রহস্য উদঘাটিত হবে না এবং সঠিক বিচার পাওয়া যাবে না।
বিক্ষুব্ধ ছাত্রদলকর্মী জুবায়ের আহমেদ দারদা বলেন, "যাদের রক্তের ওপর দাঁড়িয়ে রাজনীতি ও ক্ষমতা, তাদের ওপরেই এমন নির্মম আক্রমণ ও হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শাকিল ভাইসহ আমাদের সব শহীদের রক্তের সাথে এই বিশ্বাসঘাতকতার বিচার সবার আগে হতে হবে।"
ঢাকা মহানগর ২৪ ওয়ার্ড সহসভাপতি জুবায়ের আহমেদ দারদা বলেন, পাশাপাশি স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও গভীর অসন্তোষ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা ও আইনশৃঙ্খলা রক্ষায় গাফিলতির অভিযোগে নাটোর জেলার পুলিশ সুপার (এসপি) এবং গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অনতিবিলম্বে প্রত্যাহার ও দ্রুত বদলির জোর দাবি জানানো হয়েছে।
জুবায়ের আহমেদ দারদা বলেন, অনতিবিলম্বে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পদচ্যুত না করা হলে দেশজুড়ে আরও কঠোর ও নতুন কর্মসূচির ডাক দেওয়া হবে।