ইউরোপে তরুণ আইনজীবীদের আন্তর্জাতিক মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক প্রতিযোগিতায় প্রথম ইতালি প্রবাসী বাংলাদেশি অ্যাড. সাইদুল আব্দুল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

জার্মানির কোলনে অনুষ্ঠিত ‘FBE Young Lawyers Human Rights Oratory Competition 2026’ শীর্ষক আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ইতালি প্রবাসী বাংলাদেশি অ্যাডভোকেট সাইদুল আব্দুল। বিশ্বের বিভিন্ন দেশের তরুণ আইনজীবী, প্রশিক্ষণার্থী ও আইন বিভাগের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন।

২২ থেকে ২৪ অক্টোবর জার্মানির কোলনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইউরোপের বিভিন্ন দেশের আইনজীবীদের মধ্যে পেশাগত যোগাযোগ বৃদ্ধি, তরুণ আইনজীবীদের মানবাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি এবং যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপনের দক্ষতা বিকাশ ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল ‘জনঅংশগ্রহণ দমনে কৌশলগত মামলা বা SLAPP: একবিংশ শতাব্দীর একটি আইনি হাতিয়ার’। SLAPP (Strategic Lawsuits Against Public Participation) বলতে সাধারণত এমন মামলাকে বোঝায়, যেগুলোর মাধ্যমে সাংবাদিক, মানবাধিকারকর্মী, নাগরিক সংগঠন কিংবা জনস্বার্থে মতপ্রকাশকারী ব্যক্তিদের ব্যয়বহুল আইনি প্রক্রিয়ায় জড়িয়ে তাঁদের বক্তব্য ও কর্মকাণ্ড নিরুৎসাহিত করার চেষ্টা করা হয়।

বিষয়টি মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার সুরক্ষা, আইনের অপব্যবহার এবং আইনজীবীদের নৈতিক দায়িত্বের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নির্ধারিত বিষয়ের বিভিন্ন দিক নিয়ে নিজেদের যুক্তি, বিশ্লেষণ ও বক্তব্য উপস্থাপন করেন। পরে বিচারকমণ্ডলীর নির্বাচিত চারজন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন। প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা এবং ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজনে পালেরমো বার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে অংশগ্রহণকারী বাংলাদেশী অ্যাডভোকেট সাইদুল আব্দুল বলেন, “এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আজকের বিশ্বে মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এবং জনস্বার্থে কথা বলার স্বাধীনতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।”

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশি হিসেবে অংশগ্রহণ করতে পেরে আনন্দ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, এ ধরনের আয়োজন বিভিন্ন দেশের আইনজীবীদের অভিজ্ঞতা বিনিময়, মানবাধিকারবিষয়ক ধারণা বিস্তৃত করা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন অভিজ্ঞতা ও অনুপ্রেরণা অর্জনের কথা জানিয়ে অ্যাডভোকেট সাইদুল আব্দুল গতকাল ইতালিতে ফিরে আসেন।

আন্তর্জাতিক পরিসরে মানবাধিকার ও আইনের শাসনবিষয়ক আলোচনায় তাঁর অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশিদের জন্যও একটি উল্লেখযোগ্য অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com