ফটিকছড়িতে জঙ্গলে মিলল নবজাতক কন্যাশিশু, হাসপাতালে ভর্তি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৭ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের ফটিকছড়িতে জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক এক থেকে দুই দিন। উদ্ধারের পর তাকে নাজিরহাট মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটি জীবিত রয়েছে এবং প্রাথমিকভাবে তার শারীরিক অবস্থা ভালো বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং এলাকার ২ নম্বর ওয়ার্ডের আমতলসংলগ্ন একটি জঙ্গল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা তৈয়ব ও মহিউদ্দীন রাস্তার পাশের জঙ্গলে শিশুটিকে পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নারী পুলিশ সদস্যের সহায়তায় তাকে নাজিরহাট মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শিশুটি জীবিত রয়েছে এবং প্রাথমিকভাবে তার শারীরিক অবস্থা ভালো বলে জানা গেছে।

কে বা কারা নবজাতকটিকে জঙ্গলে ফেলে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নবজাতককে এভাবে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়ার ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করেছেন স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, শিশুটির পরিচয় শনাক্ত এবং তাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়ার ঘটনার কারণ উদ্‌ঘাটনে অনুসন্ধান চলছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com