মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম

একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে গোলাম রহমান (জামাই) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের শ্বশুর তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটিও উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রহমান একই জেলার কালীগঞ্জ উপজেলার রাড়ীপাড়া গ্রামের কারী গোলামের ছেলে। অভিযুক্ত তরিকুল ইসলাম মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামের মৃত গাজী রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রহমান গত সোমবার শ্বশুরবাড়ি বলিভদ্রপুর গ্রামে বেড়াতে আসেন। বেশ কিছুদিন ধরে শ্বশুর তরিকুল ইসলামের সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তরিকুল ইসলাম ধারালো কুড়াল দিয়ে গোলাম রহমানকে এলোপাতাড়ি আঘাত করেন, কুড়ালের আঘাতে গুরুতর আহত হয়ে গোলাম রহমান ঘটনাস্থলেই মারা যান। 

খবর পেয়ে মহেশপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটিও উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে পারিবারিক বিরোধের সুনির্দিষ্ট কারণ এবং হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, ঘটনার পর অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে এ বিষয়ে আরও তথ্য জানানো যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে তদন্ত অব্যাহত রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com