হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন রোগী ১,৩১৯
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পিএম
মোহাম্মদ হাসান:
দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৯ জন। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গে ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬ জনে।
রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন, সিলেট বিভাগে দুজন, ময়মনসিংহে একজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশের আট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৩৮ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২২১ জন, বরিশালে ২০৫ জন, সিলেটে ১২৩ জন, খুলনায় ৭৫ জন, ময়মনসিংহে ৭৩ জন, রংপুরে ৪৭ জন এবং রাজশাহীতে ৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।
এদিকে, একই সময়কালে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় ২৩ হাজার ১২২ জনের হাম শনাক্ত হয়েছে।
ক্রমবর্ধমান রোগীর চাপ ও মৃত্যুর এই পরিসংখ্যান জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামের সংক্রমণ প্রতিরোধ, দ্রুত রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।