মীরসরাইয়ে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২২ লাখ টাকা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পিএম

চট্টগ্রাম থেকে মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে দুটি কুলিং কর্নার। এতে নগদ টাকা, আসবাবপত্র ও দোকানের মালামালসহ প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বড়তাকিয়া রেলস্টেশনের পোলমোগরা এলাকায় ব্যবসায়ী সাখাওয়াত হোসেন পলাশ ও মাহফুজের দুটি কুলিং কর্নারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাখাওয়াত হোসেন পলাশ জানান, প্রতিদিনের মতো শনিবার রাতেও বৈদ্যুতিক লাইন বন্ধ করে দোকান থেকে বাড়ি চলে যান তিনি। রাত সাড়ে ৩টার দিকে ফোনে দোকানে আগুন লাগার খবর পান। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি জানেন না। এর আগে দোকানে কোনো বৈদ্যুতিক সমস্যাও দেখা দেয়নি বলে জানান তিনি।

দীর্ঘ ১০ বছরের পরিশ্রমে গড়ে তোলা প্রতিষ্ঠানটি হারিয়ে ভেঙে পড়েছেন পলাশ। তিনি বলেন, ‘আমি একেবারেই নিঃস্ব হয়ে গেছি। আমার আর কিছুই রইল না। ঋণ করে অনেক কষ্টে দোকানটি গড়ে তুলেছিলাম। নিজের বসতবাড়ির মতো করে সাজিয়েছিলাম। চোখের সামনে সব শেষ হয়ে গেল।’

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ শা-হ্লাং মারমা বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে যাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com