মানিকগঞ্জে নতুন সার ডিলারদের সঙ্গে চুক্তি, সরবরাহে শৃঙ্খলা রক্ষার তাগিদ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

কৃষকদের কাছে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা, মজুত ও বিতরণে শৃঙ্খলা বজায় রাখা এবং নিয়ম মেনে সার ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ।

শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সার ডিলারশিপ চুক্তি ও অঙ্গীকারনামা স্বাক্ষর এবং সার ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ সভায় তিনি এ আহ্বান জানান । জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ সভার আয়োজন করে ।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় সদ্য নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সঙ্গে ডিলারশিপ চুক্তি ও অঙ্গীকারনামা স্বাক্ষর করা হয় । এ সময় সার উত্তোলন, মজুতকরণ, বিতরণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মজিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ, অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার ও আসাদুজ্জামান খান দোলন, ৭১ টেলিভিশনের সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম মিহীর প্রমূখ ।

এ ছাড়া মানিকগঞ্জ জেলা সার সমিতির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শামীম এবং নিয়োগপ্রাপ্ত সার ডিলাররা সভায় অংশ নেন ।

সভায় সার বিতরণে শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবস্থাপনা-সংক্রান্ত নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয় ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com