ক্ষেতলালে মাদকবিরোধী সমাবেশ ওসির, তরুণদের এগিয়ে আসার আহ্বান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আয়মাপুর গ্রামে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল আয়মাপুর উদ্দীপ্ত তরুণ সংগঠনের আয়োজনে আয়মাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মামুদপুর ইউনিয়ন বিএনপির সদস্য আজিজুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম। তিনি বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি।
মাদক নির্মূলে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়, পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স। কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সমাবেশে বক্তব্য রাখেন-মামুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ধারকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেওয়ান হাসান, সদস্য সচিব রাসেদ, মামুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান আলী হান্নান তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার ও তরুণদের সচেতন ভূমিকা রাখতে হবে। পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে।
মঞ্চে আরও উপস্থিত ছিলেন আয়মাপুর উদ্দীপ্ত তরুণ সংগঠনের সভাপতি তৌফিক তালুকদার, সাধারণ সম্পাদক মারুফ শাহরিয়ার ও সাংগঠনিক সম্পাদক অনিক।
এ সময় এলাকার নারী-পুরুষ, শিশু-কিশোর, যুবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, এর আগে আয়মাপুর উদ্দীপ্ত তরুণ সংগঠনের সাংগঠনিক সম্পাদক অনিকের নেতৃত্বে গ্রামের কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় বলে দাবি করা হয়েছে। পরে উদ্ধার করা মাদক জনসম্মুখে ধ্বংস করা হয়।