রাউজানে গভীর রাতে আগুনে পুড়ে ছাই দুই পরিবারের বসতঘর

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:২০ পিএম

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব ডাবুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রামদয়াল মাঝির বাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় একটি গরু আগুনে পুড়ে মারা গেছে এবং আরেকটি গরু জীবন্ত দগ্ধ হয়েছে। আগুনে ঘরের আসবাবপত্র, ফ্রিজ, নগদ টাকা, স্বর্ণালংকার, জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অং চিং মারমা। এ সময় উপস্থিত ছিলেন ডাবুয়া তারাচরণ সেমাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক কামাল মিয়া এবং ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ঘটনাস্থলে যান রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু দে, সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, রাউজান উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী মিঠু, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠনের পৌরসভা কমিটির সভাপতি ডা. লিটন শর্মা, কার্যনির্বাহী সদস্য ত্রিপাল চৌধুরী ও শংকর দে-সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ব্যাংক চেক, নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও ঢেউটিন সহায়তা হিসেবে প্রদান করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পুনর্বাসন এবং আর্থিক সহায়তায় এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়।

অগ্নিকাণ্ডে বসতঘর হারিয়ে পরিবার দুটি চরম দুর্ভোগে পড়েছে। তাদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com