নীরব রাতেই রাজনৈতিক অধ্যায়ের ইতি টানলেন সাবেক ছাত্রদল নেতা রাজিব

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পিএম

তৌহিদুর রহমান , ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি-

রাজনীতি জীবনের একটি অধ্যায় মাত্র—এমন উপলব্ধি থেকে নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার ইতি টানলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর জেলা শাখার সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক রাজিব আহমেদ। জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে বসবাস করেন এই ছাত্রনেতা।

রবিবার (১১ অক্টোবর) মধ্যরাত ১টা ২ মিনিটে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়ে তিনি রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে রাজিব আহমেদ উল্লেখ করেন, রাজনীতির পথচলায় আজ তিনি এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছেন, যেখান থেকে পেছনে তাকালে কেবল স্মৃতি, আবেগ, ভালোবাসা, ত্যাগ ও অপ্রাপ্তির গল্প ভেসে ওঠে। রাজনীতি একসময় মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন ছিল উল্লেখ করে তিনি জানান, সময়ের ব্যবধানে অনেক কিছু বদলে যেতে দেখেছেন।

পোস্টে তিনি কারও প্রতি কোনো অভিযোগ বা বিদ্বেষ নেই জানিয়ে লেখেন, "এই বিদায় কারও বিরুদ্ধে অভিযোগ নয়, কারও প্রতি বিদ্বেষ নয়, কিংবা অতীতকে অস্বীকার করাও নয়। এটি আমার জীবনের একটি অধ্যায় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। যে পথ ধরে হেঁটেছি, সেই পথের প্রতি থাকবে সম্মান; যাঁরা পাশে ছিলেন, তাঁদের প্রতি থাকবে কৃতজ্ঞতা; আর যাঁদের সঙ্গে মতের অমিল হয়েছে, তাঁদের প্রতিও থাকবে শ্রদ্ধা।"

দীর্ঘ রাজনৈতিক জীবনে নিজের অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে তিনি লেখেন, "রাজনীতি জীবনের একটি অধ্যায় মাত্র; কিন্তু মানুষ হিসেবে আমাদের পরিচয়, বিবেক, সম্পর্ক আর মানবিকতাই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। পদ-পদবি একদিন থাকবে না, পরিচয়ের জৌলুস একদিন ম্লান হয়ে যাবে... কিন্তু মানুষের হৃদয়ে যদি সামান্য ভালোবাসার জায়গা করে নেওয়া যায়, সেটুকুই হবে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।"

পোস্টের শেষভাগে তিনি সাধারণ মানুষ হিসেবে সবার কাছে দোয়া চেয়ে জীবনের বাকি সময়টুকু সততা, সম্মান ও মানবিকতা নিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন।

মধ্যরাতে দেওয়া এই পোস্টের পর স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে বেশ প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাঁর অতীত রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com