যবিপ্রবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার আবেদন: স্কলারশিপ নিয়ে সেমিনার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ পিএম

যবিপ্রবি প্রতিনিধি: রাকিবুল হাসান 

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া ও স্কলারশিপ নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ‘এক্সপ্লোরিং ইউএসএ হায়ার এডুকেশন অপরচুনিটিস’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর এবং ঢাকার ইউএসএ অ্যাম্বাসির যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে সহযোগিতা করে জাস্ট ক্যারিয়ার ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

সেমিনারে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে ভর্তির সুযোগ, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে স্কলারশিপ ও ফান্ডিংয়ের সুযোগ কাজে লাগানোর বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।

এ সময় স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) প্রস্তুত, রিকমেন্ডেশন লেটার সংগ্রহ, গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন (জিআরই), টোফেল বা আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে যোগাযোগের কৌশল নিয়েও আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে তথ্যসমৃদ্ধ ও প্রস্তুত শিক্ষার্থীরাই নিজেদের আরও ভালোভাবে গড়ে তুলতে পারে। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগাতে শিক্ষার্থীদের আগেভাগে পরিকল্পনা ও যথাযথ প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা এবং বিদেশে পড়াশোনার আবেদন ও প্রস্তুতি সম্পর্কে সঠিক তথ্য দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পরিকল্পনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তারা।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ লাবিব ও নাবিলা ইয়াসমিন ইশা। শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্টরা এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com