ঘিওরে রাতের আঁধারে ক্ষেতের ৪০ মণ পেঁপে কেটে ফেলল দুর্বৃত্তরা, কৃষকের মাথায় হাত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি | ৫ অক্টোবর
মানিকগঞ্জের ঘিওরে এক কৃষকের বাগানের প্রায় ৪০ মণ কাঁচা পেঁপে কেটে ও ছিঁড়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা । এ সময় পেঁপে বীজ সংরক্ষণের জন্য বাগানে রাখা আরও প্রায় ৬ কেজি ওজনের মূল্যবান ৪০টি পাকা পেঁপে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ।
রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলা সদরের পশু হাসপাতালের পেছনে ধলেশ্বরী নদীর উত্তরপাড় এলাকায় এ ঘটনা ঘটে ।
ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ সাদেক মিয়া জানান, তার ৩০ শতাংশ জমির পেঁপে বাগানে প্রায় ২৭০টি পেঁপে গাছ ছিল । সোমবার (৫ অক্টোবর) সকাল বেলা বাগানে গিয়ে তিনি দেখেন, গাছের পেঁপে কাস্তে দিয়ে কেটে ও হাত দিয়ে ছিঁড়ে মাটিতে ফেলে রাখা হয়েছে । বাগানের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আছে প্রায় ৪০ মন কাঁচা পেঁপে । এ ছাড়াও বীজ সংরক্ষণের জন্য বাগানের প্রায় ছয় কেজি ওজনের ৫০টি পেঁপের মধ্যে ৪০টি নিয়ে গেছে দুর্বৃত্তরা ।
সাদেক মিয়া বলেন, দীর্ঘদিনের পরিশ্রমে সাজানো বাগানটি এক রাতেই তছনছ হয়ে গেছে । এতে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি । নতুন করে ঘুরে দাঁড়ানো তার জন্য কঠিন হয়ে পড়বে । এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ।
ছেলের বাগান নষ্ট হওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন সাদেকের মা অজিফা খাতুন । তিনি দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন সুবিচার পাওয়ার আশায় এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।
ঘটনাটি জানার পর উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা বাগানটি পরিদর্শন করেছেন । উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন ডেঙ্গু জ্বরে অসুস্থ থাকায় সরাসরি কথা বলা সম্ভব হয়নি । তবে মুঠোফোনে রূপালী বাংলাদেশকে তিনি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে থাকার আশ্বাস বার্তা জানিয়েছেন ।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম বলেন, বিষয়টি আইনগতভাবে থানার মাধ্যমে নিষ্পত্তির বিষয় । অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে । এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের জন্য সরকারি বরাদ্দ থেকে চাল, ডাল, আটা ও লবণ কৃষক সাদেকের মায়ের হাতে তুলে দেন ।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুহব্বত কবীর বলেন, এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
স্থানীয় বাসিন্দারাও এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ।
আরও পড়ুন
Scholarly Index-এর র্যাংকিংয়ে Library and Information Science বিষয়ে বিশ্বে ৯ম স্থানে নোবিপ্রবির সহকারী অধ্যাপক আতিকুজ্জামান
মতলবের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
দৌলতপুর সীমান্তে ভারতে পাচারের সময় সাড়ে ৯ টন সার উদ্ধার