মাগুরায় ৬৪৪ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে, নিরাপত্তা জোরদার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৫ এএম

আব্দুর রশিদ মোল্লা, মাগুরা প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে মাগুরা জেলার বিভিন্ন পূজামণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রতিমায় রঙের প্রলেপ, মণ্ডপসজ্জা ও আলোকসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।

জেলা প্রশাসন ও পূজা উদযাপন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় মোট ৬৪৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মাগুরা সদরে ২২৭টি, শ্রীপুরে ১৫৮টি, মহম্মদপুরে ১২৭টি এবং শালিখায় ১৩২টি মণ্ডপ রয়েছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, মাগুরা সদরে ১৫টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ ও ৫টি মণ্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া শ্রীপুরে ১২টি, মহম্মদপুরে ৪টি ও শালিখায় ১৬টি মণ্ডপ ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। এসব মণ্ডপে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি চলছে।

দরিমাগুরা শারদীয় দুর্গাপূজা কমিটির সভাপতি সুশীল কুমার দে বলেন, পূজাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের আশা করছি।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাগুরা জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস বলেন, আগামী ১৭ অক্টোবর থেকে পূজা শুরু হয়ে ২১ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের বলেন, ৭ অক্টোবর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে নিয়ে সমন্বয় সভা হবে। সেখানে নিরাপত্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় বিষয়ে আলোচনা হবে।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা বলেন, প্রতিটি মণ্ডপের নিরাপত্তা পর্যবেক্ষণ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ মণ্ডপে অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com