পাঁচবিবি শিরতা গ্রাম থেকে ৭৬ বস্তা সার জব্দ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা মজুত করা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার শিরতা গ্রামের কৃষক রমজানের বাড়ি থেকে সার জব্দ করা হয়।
জানা গেছে, জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শিরতা গ্রামে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
এসময় প্রশাসনের উপস্থিতিতে কৃষক রমজানের বাড়ি থেকে ৭৬ বস্তা অবৈধভাবে মজুত সার জব্দ করা হয়। সেইসঙ্গে ওই কৃষকের কৃষি উপকরণ সহায়তা কার্ডের উল্লিখিত জমির পরিমাণ কেটে প্রকৃত জমির পরিমাণ দেওয়া হয়।
সূত্রে জানা গেছে, উপজেলার শিরতা গ্রামে রমজানের নিজস্ব জমি ২৫ শতাংশ ও পত্তন ৪ একর জমি চাষাবাদ করেন বলে কৃষক উপকরণ সহায়তা কার্ডে উল্লেখ রয়েছে।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন জানান, অভিযান চলমান। জব্দ করা সার স্থানীয় ইউনিয়ন পরিষদে যদি সম্ভব হয় রাখা হবে অথবা থানায় নিয়ে যাওয়া হবে। তবে যেহেতু এখনো অভিযান চলছে সেহেতু সবশেষ তথ্য জানাতে পারবো।