আত্রাইয়ে ছাগলে শিম গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ নিহত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ছাগলে শিম গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে প্রতিপক্ষের কিলঘুষিতে ইয়াছিন মণ্ডল (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মধুগুড়নই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিম মণ্ডলের (২০) ছাগল প্রতিবেশী ইয়াছিন মণ্ডলের শিম গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে গড়ায়। এ সময় মিম মণ্ডল বৃদ্ধ ইয়াছিনকে উপর্যুপরি কিলঘুষি মারেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান।

ইয়াছিনের পুত্রবধূ সমাপ্তি বেগম বলেন, শ্বশুরের চিৎকার শুনে বাইরে এসে তিনি মিম মণ্ডলকে কিলঘুষি মারতে দেখেন। পরে শ্বশুর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের ময়নাতদন্ত এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com