ঢাকার আদালতে নেওয়ার পথে পিচ্চি রাজা পালিয়েছেন গাজীপুর থেকে নয়, গ্রেপ্তার সেই ২ পুলিশ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পিএম

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে হাজিরা শেষে ফেরার পথে পালিয়ে যাওয়া শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে পিচ্চি রাজা ওরফে বাদশা গাজীপুরের নাওজোড় বা বাইমাইল এলাকা থেকে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই পালিয়েছেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বক্তব্যের সঙ্গে তদন্তে পাওয়া তথ্যের ব্যাপক অসংগতি ধরা পড়েছে। এ ঘটনায় প্রিজন ভ্যানের নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই প্রবীর কুমার ও চালক নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া আরও তিন কনস্টেবলকেও তদন্তের আওতায় রাখা হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর ৩০ আসামিকে নিয়ে কাশিমপুর থেকে ঢাকার আদালতে যায় প্রিজন ভ্যানটি। আদালত থেকে ফেরার পথে পিচ্চি রাজা পালিয়ে যান। প্রথমে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দাবি করেছিলেন, নাওজোড় বা বাইমাইল এলাকায় শৌচকর্মের জন্য ভ্যান থামানো হলে তিনি পালিয়ে যান। তবে তদন্তে ওই তথ্য সঠিক নয় বলে প্রমাণ পাওয়া গেছে।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তার দুই পুলিশ সদস্যের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাঁদেরও শনাক্ত করা হবে।

এদিকে প্রায় সাত দিন পার হলেও পিচ্চি রাজার সন্ধান মেলেনি। তাঁকে গ্রেপ্তারে গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চলছে। তাঁর বিরুদ্ধে মাদক ও অস্ত্রসংক্রান্ত প্রায় ২৫টি মামলা রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com