রংপুরে বিষ্ণু মূর্তিসহ ৩ পাচারকারী গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
রংপুর মহানগরীর কোতয়ালী থানার দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ সময় ১৫.১ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণু মূর্তি এবং ৬.৮ কেজি ওজনের চারটি কালো পাথরের খণ্ড উদ্ধার করা হয়।
এসআরবি-১৩ জানিয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরীর দক্ষিণ গুপ্তপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। সিপিএসসি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল এ কে এম হুমায়ুন কবিরের চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব প্রত্নবস্তু উদ্ধার করে।
অভিযানে মূর্তি পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—রংপুর মহানগরীর গুপ্তপাড়ার আব্দুল কাদেরের ছেলে মো. মিজান (৪২), হারাগাছ থানার নয়াবাজার গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. মোজাফ্ফর হোসেন (৩৭) এবং কাউনিয়া থানার সোনাতন সিদ্দিক বাজার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. মাজেদুল ইসলাম (২৯)।
এসআরবি-১৩ জানায়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জাতীয় ঐতিহ্য রক্ষায় প্রত্নবস্তু চোরাচালানের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। উদ্ধার হওয়া মূর্তিসহ জব্দ করা আলামত এবং গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।