বাংলাবান্ধা বন্দরে ভুটানি ট্রাকচালককে মারধর, এক ঘণ্টা বন্ধ আমদানি-রপ্তানি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পিএম

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড় | ২৭ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরে প্রতীক রায় (২৬) নামে ভুটানের এক ট্রাকচালককে মারধরের অভিযোগ উঠেছে বন্দরের এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় এক ঘণ্টা বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ট্রাকচালক প্রতীক রায়ের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার জয়গাঁ থানার দলসিংপাড়া এলাকায়। অভিযুক্ত নিরাপত্তাকর্মী জীবন ইসলাম (২৫) বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডে কর্মরত।

স্থলবন্দর সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশের সময় ট্রাক সামনে-পেছনে নেওয়াকে কেন্দ্র করে চালক প্রতীক রায়ের সঙ্গে নিরাপত্তাকর্মী জীবন ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জীবন ইসলাম ওই ট্রাকচালককে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর ভুক্তভোগী চালকসহ ভুটানের ২০ থেকে ২৫ জন চালক বাংলাবান্ধা বিজিবি চেকপোস্টের মাধ্যমে বিষয়টি বিএসএফকে জানান। পাশাপাশি ঘটনার সমাধানের জন্য বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজারকেও অবহিত করা হয়।

খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র দাসসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষের সঙ্গে কথা বলা হয়। এ সময় অভিযুক্ত নিরাপত্তাকর্মী নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা করে হাত মেলানো ও কোলাকুলির মাধ্যমে বিষয়টির মীমাংসা করা হয়।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্টের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ঘটনায় দুইজনই আহত হয়েছেন। পরে তাদের মধ্যে মীমাংসা করে দেওয়া হয়েছে। এ ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি শান্ত হওয়ার পর নিরাপত্তাকর্মী নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। পরে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, ভুটানের ট্রাকচালক ও বন্দরের নিরাপত্তাকর্মীর মধ্যে ঘটনার পর ভুটানের চালকরা বিজিবিকে বিষয়টি জানান। পরে বিজিবি সদস্যরা তাদের স্থলবন্দরে যাওয়ার পরামর্শ দেন এবং বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি সমাধানের জন্য অবহিত করেন। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে বিষয়টির সমাধান হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com