সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম
শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। এ উপলক্ষে সচেতনতামূলক র্যালি, ড্রেন ও ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিদর্শন এবং জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহরের জুলাই স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।
র্যালি শেষে জেলা প্রশাসক কাউসার আজিজের নেতৃত্বে পৌরসভার সহযোগিতায় রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা শহরের বিভিন্ন ড্রেন ও ড্রেনেজ ব্যবস্থার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। একই সঙ্গে পথচারী, সাধারণ নাগরিক ও যানবাহন চালকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয়সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ। এডিস মশার বংশবৃদ্ধি রোধে আমাদের নিজ নিজ আঙিনা ও চারপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সম্মিলিত সচেতনতাই পারে সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে।’
পৌরসভার কার্যক্রম ও নাগরিক সচেতনতার বিষয়ে বক্তব্য দেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে পৌরসভা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পৌর কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন। তবে কেবল পৌরসভার প্রচেষ্টাই যথেষ্ট নয়। দেশের প্রতিটি নাগরিক নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে আমরা ডেঙ্গুমুক্ত সুন্দর বাংলাদেশ ও পরিচ্ছন্ন সাতক্ষীরা উপহার দিতে পারব।’
পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী ডেঙ্গুর লক্ষণ ও প্রতিকার তুলে ধরে বলেন, বাসাবাড়ির ফুলের টব, পরিত্যক্ত টায়ার, এসি ও ফ্রিজের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। পাশাপাশি দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের জন্য তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আলী হায়দার, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আক্তার হোসেন তালুকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর রবিউল আলম ও কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী।
এ ছাড়া সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্ট, বিডি ক্লিনের সদস্য, স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।