পঞ্চগড়ে শিশু-কিশোরদের ফুটবল ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম
পঞ্চগড় বিশেষ প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড় | ২৬ সেপ্টেম্বর ২০২৬
‘আমাদের সংস্কৃতি—মা, মাটি, প্রকৃতি’ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে শিশু-কিশোরদের অংশগ্রহণে দিনব্যাপী ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ খেলাধুলা, ফুটবল প্রতিযোগিতা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবের আয়োজন সম্পন্ন হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সদর উপজেলার গলেহাহাট ফাযিল মাদ্রাসা মাঠে দুই পর্বে এ ক্রীড়া উৎসবের আয়োজন করে পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার।
সকাল ১১টায় উৎসবের প্রথম পর্বের উদ্বোধন করেন কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফায়েল প্রধান। অনুষ্ঠানের শুরুতে জেলার আদর্শিক ও গুণী অবসরপ্রাপ্ত শিক্ষক মহিম উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক দেলওয়ার হোসেন।
উৎসবের প্রথম পর্বে গ্রামীণ ক্রীড়ার বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এতে ‘বডি ব্যালান্স’, ‘মাইন্ড সেটআপ’ ও ‘অ্যাটেনশন’সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে শিশু-কিশোর অনূর্ধ্ব-১২ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে ফুলপাড়া তরুণ স্পোর্টিং ক্লাব ২–০ গোলে চছপাড়া ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিকেল ৩টায় শুরু হয় শিশু-কিশোর অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। খেলা শুরুর আগে একসময়কার অনূর্ধ্ব-১৫ দলের খেলোয়াড় মো. আব্দুস সালাম ওরফে ব্যারিস্টারকে সংবর্ধনা দেওয়া হয়। দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বাবু।
উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে গলেহা একাডেমি ও টুনিরহাট লাল তরুণ ফুটবল একাডেমি ১–১ গোলে সমতায় থাকে। পরে টাইব্রেকারে গলেহা একাডেমিকে ৩–১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় টুনিরহাট লাল তরুণ ফুটবল একাডেমি।
উৎসবের দুই পর্বেই সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ও নাট্যকার মো. আব্দুর রহিম। এ সময় গলেহাহাট ফাযিল মাদ্রাসার সহকারী সিনিয়র শিক্ষক মাহবুবার রহমান বিএসসি, সমাজসেবী মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক কমিটির সদস্য ও শিশু-কিশোররা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, অনূর্ধ্ব-১২ ও অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট, সংবর্ধনা এবং বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।