মাদারীপুরে ২ বাসের সংঘাত: ৩ জনের প্রাণহানি,আহত ১৫

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

নাজমুল হাসান, মাদারীপুর:

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর অংশে বিকল হয়ে থাকা একটি বাসকে পেছন থেকে দ্রুতগতির আরেকটি বাস সজোরে ধাক্কা দিলে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিনজন যাত্রী প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে শিবচরের বাখরেরকান্দি নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​উদ্ধারকারী দল ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল 'পালকী পরিবহন'-এর একটি বাস। পথিমধ্যে বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে গাড়িটির একটি চাকা লিক হয়ে বিকল হয়ে পড়ে। চালক বাসটি সেখানে থামিয়ে রাখলে একই দিশায় আসা 'হানিফ পরিবহন'-এর একটি দ্রুতগামী বাস সেটিকে পেছন থেকে প্রবল বেগে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই তিনজন শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

​খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। আহতদের মধ্যে অন্তত একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

​এ দুর্ঘটনার পরপরই এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে শিবচর হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে রুটটিতে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

​ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবু জাফর সরদার জানান, বিকল হয়ে পড়া পালকী পরিবহনের বাসটি লেনে পার্ক করা ছিল। এ সময় হানিফ পরিবহনের বাসটি সজোরে নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে সজোড়ে আঘাত করলে হতাহতের এই ঘটনা ঘটে।

​শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইবনে মিজান জানিয়েছেন, দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই উদ্ধার তৎপরতা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 

 

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com