নওগাঁয় ছাত্রলীগ নেতাকে গ্রেফতার না করে পালানোর সুযোগ দেওয়ার অভিযোগ, এসআই প্রত্যাহার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) অসিত কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পরে অভিযান চালিয়ে ওই আসামিকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচিত রাকিবুল হাসানের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গত ১০ সেপ্টেম্বর ভোরে উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ওই অভিযানে নেতৃত্ব দেন এসআই অসিত কুমার।

এর আগে ভান্ডারপুর বাজার এলাকায় রাকিবুল হাসানকে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তিনি সেখান থেকে পালিয়ে যান। পরে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে প্রথম দফায় গ্রেপ্তারের পর তাঁকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে—এমন অভিযোগ ওঠে।

অভিযোগটি পুলিশ সুপারের নজরে আসার পর দায়িত্বে থাকা এসআই অসিত কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ওই এসআইয়ের নেতৃত্বেই অভিযান চালিয়ে রাকিবুল হাসানকে পুনরায় গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত রাকিবুল হাসানকে প্রথম দফায় গ্রেপ্তারের সময় পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার অভিযোগে এসআই অসিত কুমারকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের আরও সতর্ক থাকা প্রয়োজন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথমে রাকিবুলকে গ্রেপ্তারের পর ছেড়ে আসার অভিযোগ পুলিশ সুপারের কাছে পৌঁছালে এসআইকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। পরে অভিযান চালিয়ে রাকিবুল হাসানকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com