দৌলতপুরে বন্যার্তদের পাশে এমপি আমির হামজা, ত্রাণ বিতরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

তানভীর আজাদ, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে উপজেলার ফিলিপনগর, চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় সাড়ে ৬ হাজার মানুষের হাতে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়।

বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছে দিতে ওই তিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোট ১০টি পয়েন্ট নির্ধারণ করা হয়। এসব পয়েন্টে স্থানীয়দের উপস্থিতিতে পর্যায়ক্রমে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, সহকারী সেক্রেটারি রবিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুব মাজহার, দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন, নায়েবে আমির আরজ উল্লাহ, সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বুলবুল এবং ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী খাজা উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় নেতারা বন্যাদুর্গত বিভিন্ন পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। পানিবন্দি মানুষের খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনের কথা শোনার পাশাপাশি সংকটকালীন সময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন তারা।

স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী, দৌলতপুর উপজেলার দুটি ইউনিয়নের অন্তত ৪০টি গ্রামের প্রায় ৮০ হাজার মানুষ এখনও পানিবন্দি অবস্থায় রয়েছেন। অনেক পরিবারের বসতঘরে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। গবাদিপশু নিয়েও বিপাকে পড়েছেন অনেকে।

এদিকে পদ্মা নদীর পানি কিছুটা কমতে শুরু করায় বন্যা পরিস্থিতিতে ধীরে ধীরে স্বস্তি ফিরছে। তবে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগ এখনও অব্যাহত রয়েছে। বিশেষ করে বিশুদ্ধ খাবার পানির সংকট প্রকট হয়ে উঠেছে।

দীর্ঘদিন পানিবন্দি থাকায় পানি ও পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। স্থানীয়রা বলছেন, বন্যার পানি কমলেও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com