সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আমেনা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের দাড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমেনা খাতুন ওই গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ফজরের নামাজের আগে বাড়ির আঙিনার পুকুরঘাটে ওজু করতে যান আমেনা খাতুন। দীর্ঘ সময় পরও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে পুকুরঘাটের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যদের প্রাথমিক ধারণা, ওজু করার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে তার মৃত্যু হতে পারে।

ঘটনার বিষয়ে কালিগঞ্জ থানা পুলিশ অবগত হয়েছে। মরদেহ বর্তমানে পরিবারের কাছে রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com