শ্রীপুরে গড়াইয়ে প্লাবিত ২১ পরিবারের মাঝে প্রশাসনের ত্রাণ বিতরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম

আব্দুর রশিদ মোল্লা, মাগুরা প্রতিনিধি:

মাগুরার শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধিতে প্লাবিত ২১টি বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মহেশপুর ও পারপোটরা গ্রামে সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে এ ত্রাণ তুলে দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ত্রাণ সহায়তার আওতায় ১০টি পরিবারকে জরুরি শুকনো খাবার এবং ১১টি পরিবারকে পরিবারপ্রতি ৩০ কেজি করে মোট ৩৩০ কেজি চাল বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুহুল আমিন পাপন, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম প্রদীপ, দারিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াজেদ আলী মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ইউএনও মোঃ নাজমুল ইসলাম বলেন, “প্লাবিত এলাকার পানিবন্দি মানুষের দুঃখ-কষ্ট লাঘবে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এ সহায়তা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, গত কয়েক দিনের উজানের ঢলে গড়াই নদীর নাব্যতা হ্রাস ও পানি বৃদ্ধি পাওয়ায় দারিয়াপুর ইউনিয়নের মহেশপুর ও পারপোটরা গ্রামের ২০ থেকে ২৫টি বসতবাড়ি প্লাবিত হয়ে বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসলে দ্রুত ত্রাণ সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com