সৌর সিস্টেমের সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তিতে ২০ সেপ্টেম্বরের মধ্যে জেলায় জেলায় সভার নির্দেশ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ :
সৌরভিত্তিক সিস্টেম স্থাপনে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া সম্পর্কে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অবহিত করতে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে জেলায় জেলায় সভা আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) । এসব সভায় স্থানীয় চেম্বার অব কমার্স, ইপিসি কন্ট্রাক্টর, এসএমই ফাউন্ডেশন, প্রেস ক্লাবসহ সংশ্লিষ্ট অংশীজনদের অংশ নিতে বলা হয়েছে ।
১৫ সেপ্টেম্বর নবায়নযোগ্য জ্বালানি পরিদপ্তরের পরিচালক (কারিগরি) স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে এ নির্দেশনা দেওয়া হয় ।
মানিকগঞ্জসহ টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে ।
চিঠিতে বলা হয়েছে, বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর মাধ্যমে জেলা অনুযায়ী সৌরভিত্তিক সিস্টেম স্থাপনের জন্য সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ের ব্যবসায়ী ও আগ্রহী উদ্যোক্তাদের এ প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে তালিকাভুক্তির ধাপ ও সুবিধাগুলো তাঁদের জানানো প্রয়োজন ।

সভাগুলোতে সর্বোচ্চসংখ্যক অংশগ্রহণ নিশ্চিত করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। সভা শেষে এর ছবি ও সংক্ষিপ্ত আলোচনার বিবরণ সংশ্লিষ্ট দপ্তরে ই-মেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে ।
এ বিষয়ে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে । তাঁর পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী, সিনিয়র ম্যানেজার (আকিজ টেক্সটাইল মিলস) ও সাবেক নির্বাহী প্রকৌশলী (বসুন্ধরা স্টিল কমপ্লেক্স) আবু সায়েম বিশ্বাস বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখ করেছেন ।