গোপালগঞ্জে স্বামীর হাতে নওমুসলিম স্ত্রী খুন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ এএম
সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে ধর্মান্তরিত মুসলিম হয়ে ভালোবেসে বিয়ে করে স্বামীর হাতে খুন হওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর। স্ত্রী মিম আক্তারের (২৩) লাশ ঘরে রেখে পালিয়ে যান স্বামী তরিক সিকদার।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাবড়াশুর গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে পুলিশ ওই বাড়ি থেকে মিমের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে , স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রী থাকা অবস্থায়, প্রায় ৩ বছর পূর্বে সনাতনধর্মী ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার শাকপাইলদিয়া গ্রামে সিদাম মাঝির মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভাবড়াশুর গ্রামের ছরোয়ার সিকদারের ছেলে তরিক সিকদারের।পরে তাকে ধর্মান্তরিত মুসলিম করে মিম আক্তার নাম রেখে বিবাহ করেন।
বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল।
গতকাল রবিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তরিক সিকদার তার স্ত্রী মিমকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পরে ঘরের ভেতর তার মরদেহ পাওয়া যায়। এ সময় তরীক সিকদার বাড়ি থেকে পালিয়ে যান বলে স্থানীয়দের দাবি।
মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিজুর ইসলাম বলেন, মিম আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যায় নাই। তবে মৃতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলমান। একই সঙ্গে নিহতের স্বামী তরীক সিকদারকে আটকের চেষ্টা চলছে।