জয়দেবপুরে ডলি হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের জয়দেবপুরে খালের পানিতে সুটকেস ও প্লাস্টিকের বস্তায় ভাসমান অবস্থায় নারীর দ্বিখণ্ডিত ও অর্ধগলিত মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর।

নিহতের পরিচয় ডলি আক্তার (৩০) হিসেবে শনাক্ত হয়েছে। এ ঘটনায় তার প্রেমিক মিশন ইসলাম (২২), মিশনের মা বানু আক্তার (৪৩) ও মিজানুর রহমান মিল্টন (২৪)কে গ্রেপ্তার করা হয়েছে। পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) গাজীপুরে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, একই গার্মেন্টসে কাজের সূত্রে ডলি ও মিশনের পরিচয় হয়। প্রায় পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ে ও পূর্বের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

তদন্তে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর রাতে ডলি মিশনের ভাড়া বাসায় গেলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে পরিচয় গোপন ও মরদেহ গুমের উদ্দেশ্যে লাশটি দ্বিখণ্ডিত করে একাংশ সুটকেসে এবং অপরাংশ প্লাস্টিকের বস্তায় ভরে সহযোগীদের সহায়তায় ভবানীপুর এলাকার একটি খালে ফেলে দেওয়া হয়।

১১ সেপ্টেম্বর খালের পানিতে সুটকেস ও বস্তাবন্দি অবস্থায় খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর পিবিআই ছায়া তদন্ত শুরু করে আধুনিক প্রযুক্তি ও ক্রাইমসিন বিশ্লেষণের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটন করে বলে জানায়।

আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র, স্কচটেপের অংশ, নিহতের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com