রাণীনগরে দুই বন্ধুর উদ্যোগে একাডেমিক প্রস্তুতিতে নতুন সম্ভাবনা ‘ইনফিনিটি’

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে শিক্ষার্থীদের একাডেমিক প্রস্তুতিকে আরও গুছিয়ে নিতে দুই বন্ধুর উদ্যোগে যাত্রা শুরু করেছে ‘ইনফিনিটি একাডেমিক কোচিং’। ২০২৫ সালের অক্টোবরে আমির হামজা ও আরিফ হোসেন শাওনের উদ্যোগে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।

উদ্যোক্তাদের ভাষ্য, তারা দুজনই রাণীনগর থেকে ২০২৩ সালে এসএসসি পাস করেন। নিজেদের শিক্ষাজীবনের অভিজ্ঞতায় স্থানীয় শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শিক্ষাসামগ্রী, নিয়মিত পরীক্ষা ও পরীক্ষাভিত্তিক প্রস্তুতির প্রয়োজনীয়তা উপলব্ধি করেন তারা। সেই ভাবনা থেকেই শিক্ষার্থীদের একাডেমিক প্রস্তুতিতে বাড়তি সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়ে ইনফিনিটির যাত্রা।

প্রতিষ্ঠানটির প্রথম কার্যক্রম ছিল ‘এসএসসি-২০২৬ ফাইনাল প্রিপারেশন ব্যাচ’। উদ্যোক্তারা জানান, এসএসসি পরীক্ষার আগে অনেক শিক্ষার্থীর সিলেবাস অসম্পূর্ণ থেকে যায়। আবার কেউ কেউ পড়াশোনা করলেও শেষ সময়ে প্রস্তুতিগুলো সঠিকভাবে গুছিয়ে উঠতে পারে না। বিষয়টি বিবেচনায় নিয়ে সিলেবাস শেষ করার পাশাপাশি নিয়মিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কোর্সের শেষ পর্যায়ে এসএসসি পরীক্ষার মানবণ্টন অনুসরণ করে মডেল টেস্টের আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার পরিবেশের সঙ্গে অভ্যস্ত করা এবং পরীক্ষাভীতি কাটিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।

ইনফিনিটির দেওয়া তথ্যমতে, তাদের এসএসসি-২০২৬ ফাইনাল প্রিপারেশন ব্যাচ থেকে ২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, এসব শিক্ষার্থীর মধ্যে রাণীনগর থানার হিসেবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জনকারী শিক্ষার্থীও রয়েছে।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে ‘এসএসসি-২০২৭ ফাইনাল প্রিপারেশন ব্যাচ’ এবং অষ্টম শ্রেণির ‘বৃত্তি ও একাডেমিক প্রিপারেশন ব্যাচ’ চালু রয়েছে। উদ্যোক্তাদের দাবি, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ও অধ্যয়নরত শিক্ষার্থীরা এখানে শিক্ষক হিসেবে যুক্ত আছেন। তাদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), বিভিন্ন মেডিকেল কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েট রয়েছেন। কয়েকজন শিক্ষকের পাঁচ থেকে দশ বছরেরও বেশি সময়ের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে বলেও জানান তারা।

উদ্যোক্তারা বলেন, রাণীনগর ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের একাডেমিক প্রস্তুতিতে সহায়তা করাই তাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে এসএসসি, এইচএসসি ও অষ্টম শ্রেণির কার্যক্রমের পাশাপাশি অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের জন্যও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তবে নিজেদের প্রতিষ্ঠানকে বিদ্যালয়ের শিক্ষার বিকল্প হিসেবে দেখছেন না উদ্যোক্তারা। তাদের মতে, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও পারিপার্শ্বিক জ্ঞান অর্জনে স্কুলশিক্ষার কোনো বিকল্প নেই। স্কুলের পাঠদানের সঙ্গে সামঞ্জস্য রেখেই শিক্ষার্থীদের অতিরিক্ত প্রস্তুতিতে সহায়তা করাই তাদের উদ্দেশ্য। এ কারণে স্কুল চলাকালীন সময়ে কোচিং কার্যক্রম বন্ধ রাখার নীতিও অনুসরণ করা হয় বলে জানান তারা।

দুই উদ্যোক্তার ভাষ্য, নিজেদের শিক্ষাজীবনে যে সুযোগ-সুবিধার ঘাটতি তারা অনুভব করেছিলেন, পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের যেন একই সমস্যার মুখোমুখি হতে না হয়—সেই লক্ষ্যেই ইনফিনিটি একাডেমিক কোচিংকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com