শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন!
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
এক সন্তানের জনক পুলিশ সদস্য মেরাজ আলীর বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন আরেক নারী পুলিশ সদস্য। অভিযুক্তের বাড়ি ও মামার বাড়ি দুটোই তালাবদ্ধ থাকায় বাড়ির ফটকে অবস্থান নিয়েছেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিণগর এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাকিবের ছেলে মেরাজ আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। মেরাজ আলী বর্তমানে ঢাকার উত্তরা ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনারের দেহরক্ষী (কনস্টেবল) হিসেবে কর্মরত।
অনশনকারী নারী পুলিশ সদস্য জানান, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে মেরাজ আলীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে মেরাজ গাজীপুরে যৌথভাবে বসবাসসহ বিভিন্ন হোটেলে রাত্রিযাপন ও শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এমনকি বাড়ি করার কথা বলে তাঁর কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা এবং গত এক বছর ধরে পুরো বেতন হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন ওই নারী।
পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দিলে ওই নারী জানতে পারেন যে মেরাজ বিবাহিত এবং এক সন্তানের জনক। গত ১৮ দিন ধরে কোনো যোগাযোগ না থাকায় বাধ্য হয়ে তিনি শিবগঞ্জে মেরাজের বাড়িতে আসেন। দাবি না মানলে আত্মহত্যা এবং আইনি পদক্ষেপ নেওয়ারও হুমকি দেন ওই নারী কনস্টেবল।
অভিযুক্ত মেরাজ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর মা ও স্ত্রী এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন।