গাজীপুরের নতুন পুলিশ সুপার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম

গাজীপুর প্রতিনিধি:

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয়, গাজীপুরের সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে গাজীপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি গাজীপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা, জননিরাপত্তা এবং পুলিশের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় সাংবাদিকরা গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিষয় তুলে ধরেন। পাশাপাশি তাঁরা জেলার নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।

মতবিনিময়কালে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত গাজীপুর গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, বিপিএমসহ গাজীপুর জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন গণমাধ্যমের সাংবাদিকরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com