পঞ্চগড়ে ডিবির অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ এএম
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড় | ১১ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার পঞ্চগড়ের সার্বিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল শুক্রবার (১১ সেপ্টেম্বর) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের ধারাবাহিকতায় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে পঞ্চগড় সদর থানাধীন পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মেইন গেট সংলগ্ন মামা-ভাগিনা হোটেলের সামনে পাকা সড়কে অভিযান চালায় ডিবি পুলিশের দলটি।
এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তির গতিবিধি নজরে এলে ডিবি পুলিশ তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. বিপ্লব (৩০), পিতা-জালাল; সবুজ ইসলাম (২৪), পিতা-আবু বক্কর সিদ্দিক এবং সুজন ইসলাম (২৬), পিতা-আনোয়ার হোসেন। তাদের সবার ঠিকানা পুরাতন ক্যাম্প ঈদগাহ মাঠ, রামেরডাঙ্গা, থানা ও জেলা পঞ্চগড়।
অভিযান শেষে উদ্ধার করা ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জব্দ করা দুটি মোবাইল ফোন আইনানুগ প্রক্রিয়ায় হেফাজতে নেয় পুলিশ। গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।