সুতাং নদে ভয়াবহ দূষণ: হুইপ জি কে গউছের উদ্বেগ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম
হবিগঞ্জ প্রতিনিধি:(আজিজুর রহমান):
হবিগঞ্জের ঐতিহ্যবাহী সুতাং নদীর পানি দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ও পরিবেশ। শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি নদীতে ফেলার কারণে সুতাং নদের পানি এখন
আলকাতরার মতো কালো ও তীব্র দুর্গন্ধযুক্ত। ভয়াবহ এই দূষণের ফলে নদীটি এখন প্রায় মৃত, হারিয়ে যাচ্ছে জলজ প্রাণী ও দেশীয় মাছ। এই পরিস্থিতিতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ।
স্থানীয় পরিবেশবাদী সংগঠন ও ভুক্তভোগী জনগণের অভিযোগ, অলিপুর ও শায়েস্তাগঞ্জ এলাকার একাধিক বড় বড় শিল্পকারখানা বর্জ্য শোধন ব্যবস্থা (ইটিপি) চালু না রেখেই রাসায়নিক তরল বর্জ্য সরাসরি সুতাং নদীতে ফেলছে।
নদী তীরবর্তী করাব, ছড়িপুর, উচাইল, রাজিউড়া,বুল্লা ও সাধুর বাজারসহ বিস্তীর্ণ এলাকার মানুষ এই দূষণের শিকার। দূষিত পানির কারণে স্থানীয়দের শরীরে চুলকানিসহ নানা চর্মরোগ দেখা দিচ্ছে।
এমনকি সাম্প্রতিক গবেষণায় এই নদীর মাছ ও পানিতে ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিক এবং ভারী ধাতুর বিপজ্জনক উপস্থিতি মিলেছে
দূষণ ও নদী অবক্ষয়ের বিষয়ে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি জানান, হবিগঞ্জের সুতাং, খোয়াইসহ কোনো নদীকে ধ্বংস করতে দেওয়া হবে না।
নদী দূষণকারী ও অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর বাঁধ ঝুঁকিপূর্ণকারীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের দুর্বল নজরদারির সুযোগ নিয়ে যারা পরিবেশ ধ্বংস করছে, তাদের ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, নদী বাঁচলে হবিগঞ্জ বাঁচবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য এলাকা গড়ে তুলতে নদী দূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন। একই সাথে সুতাং নদী পুনখনন এবং বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা তদারকিতে কঠোর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি।