কালীগঞ্জে সার না পেয়ে ডিরার পয়েন্ট ঘেরাও করে বিক্ষোভ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে সার না পেয়ে ডিরার পয়েন্ট ঘেরাও করে বিক্ষোভ করেছে কৃষকরা। পরে কৃষি অফিসের ব্যবস্থাপনায় কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়। তবে এসময় ডিলার শহিদুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন না।
রোববার( ১৩ সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। শহিদুল ইসলাম উপজেলার জামাল ইউনিয়নের নির্ধারিত ডিলার। তার দাবি তিনি সার কৃষকদের মধ্যে বিতরণ করে দিয়েছেন এখন আর সার নেই।
কৃষকদের দাবি, তাদের রোববার সার দেওয়া হবে বলে ঘোষণা দেন। নির্ধারিত দিনে তার ডিলার পয়েন্টে আসলে জানানো হয় শুক্রবার ও শনিবার সার বিতরণ হয়ে গেছে, আজ আর সার দেওয়া হবে না। এসময় সেখানে উপস্থিত কৃষকরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে আরো কৃষক আসলে তারা ডিলার পক্ষের লোকজনের সহযোগীতায় গোডাউন খুলে ৬০ বন্তা সার দেখতে পান। কৃষকদের দাবি ডিলার শহিদুল ইসলাম বিভিন্ন মানুষের নাম রেজিষ্টারে তুলে বেশি টাকায় সার বিক্রি করে দিয়েছেন।
এদিকে ডিলার শহিদুল ইসলামের চলতি সেপ্টেম্বর মাসে ৬৪ টন সারের বরাদ্দ ছিল। তিনি প্রথম সপ্তাহে ৫৮ টন সার উত্তোলন করেছেন। ৫৮ টন সারে বস্তা হয় প্রায় ১ হাজার ২০০। স্থানীয় গণমাধ্যম কর্মীরা ডিলার পয়েন্টে থাকা সার বিতরণ রেজিষ্টারে দেখতে পান বিতরণকৃত নামের তালিকায় মাত্র ৫ শতাংশ ফোন নাম্বার উল্লেখ করা হয়েছে। তার মধ্যে থেকে ৯ জন কৃষককে ফোন দেওয়া হয়। এরমধ্যে একজন জানায় সে সার পেয়েছে, বাকি ৮ জনের ফোন বন্ধ পাওয়া যায়।
ঘটনাস্থলে উপস্থিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরাফাত জামিল জানান, আমরা যে সার আছে তা কৃষকদের মধ্যে বিতরণ করছি। উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় আরো সার আনা হচ্ছে যা কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। এছাড়া আমরা সার বিতরণের রেজিষ্টার পরীক্ষা করছি কোন অনিয়ন হয়েছে কিনা।
চলতি আমন ধানের ভরা মৌসুমে চাহিদা মত সার না পেয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। ইউরিয়া সারের সাথে টিএসপি ও ডিএপি সারের জন্য কৃষকদের ভোগান্তি চরম পর্যায়ে পৌচেছে। এর আগে ৫ সেপ্টেম্বর সকালে জেলার শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকরা। এসময় ডিলার সার দিতে অস্বীকৃতি জানালে গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন।
সম্প্রতি চাহিদা মত সার না পাওয়ার বিষয়টি সামনে আসলেও জেলা কৃষি বিভাগ ও বাফার গোডাউন কর্তৃপক্ষ বলছে, জেলায় সারের যথেষ্ট মজুদ রয়েছে। প্রতিমাসের চাহিদার বিপরীতে বরাদ্দ ডিলাররা উত্তোলন করছেন। তবে কৃষকদের অভিযোগ, ডিলার পয়েন্টে চাহিদামতো সার মিলছে না কিন্তু বেশি দাম দিলে খোলা বাজারে সারের অভাব নেই।
অভিযুক্ত ডিলার শহিদুল ইসলাম জানান, আমি যে সার উত্তোলন করেছিলাম তা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত সারের রেজিষ্টার রয়েছে দেখতে পারেন। চাহিদার থেকে কম সার পাওয়া গেলে আমার কি করার আছে বলে ইল্লেখ করেন।