পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদল-শিক্ষার্থীদের মশক নিধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড় | ১৩ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা। এডিস মশার বংশবিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নির্দেশনায় এবং কেন্দ্রীয় ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি পাথরাজ কলেজে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণ এবং আশপাশের বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি কোথাও পানি জমে আছে কি না, এডিস মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে কি না—এসব বিষয়ে সচেতনতা তৈরি করা হয়।

আয়োজকরা জানান, বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এডিস মশার বংশবিস্তারের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম, ডাবের খোসা ও বিভিন্ন ধরনের পাত্রে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রমের ওপর নির্ভর করলে হবে না। ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে তারা নিজেদের পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করতে পারবে।

কর্মসূচিতে বোদা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান হিমেল, স্কুল শাখা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

বোদা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান হিমেল বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতা নয়, মশক নিধন কার্যক্রমও অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ছাত্রদল ও শিক্ষার্থীরা মিলে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি পাথরাজ কলেজে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছি।”

তিনি আরও বলেন, “এডিস মশা পরিষ্কার ও স্বচ্ছ পানিতে জন্মায়। তাই ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”

সংশ্লিষ্টরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এমন উদ্যোগ শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। স্থানীয় পর্যায়ে সবাইকে সম্পৃক্ত করে নিয়মিতভাবে মশার বংশবিস্তারস্থল চিহ্নিত ও ধ্বংস করা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব বলে মনে করছেন তারা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com