পঞ্চগড়ে বেকার তরুণ-তরুণীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানে কমিউনিটি আউটরিচ সভা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পিএম
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড় | ১২ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে স্বল্প শিক্ষিত ও বেকার তরুণ-তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় জেলা শহরের হাজী ছফির উদ্দিন আহমদ গার্লস স্কুল অ্যান্ড কলেজে এ সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়। প্রকল্পটিতে বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়ন করছে।
সভায় জেলার বিভিন্ন এলাকার বেকার তরুণ-তরুণীদের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি সম্ভাবনাময় তরুণ-তরুণীদের শিক্ষানবিশ হিসেবে নির্বাচন এবং তাদের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করে গড়ে তোলার বিষয়েও আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কর্মমুখী দক্ষতা অর্জন তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্বল্প শিক্ষিত ও কর্মহীন তরুণ-তরুণীদের প্রশিক্ষণের আওতায় এনে দক্ষ জনশক্তিতে পরিণত করার মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করার সুযোগ তৈরি হতে পারে।
সভায় রেইজ প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সামসুৎ তাবরীজ, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট কর্মকর্তা সাজেদুর রহমান, হিসাবরক্ষক ও এমআইএস কর্মকর্তা নূরজাহান আক্তার, ইএসডিওর পঞ্চগড় জোনের এরিয়া ম্যানেজার আল মামুনুর রশিদসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা তরুণ-তরুণীদের প্রশিক্ষণের সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থানের সম্ভাবনা তৈরিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান। তারা বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে বেকার জনগোষ্ঠীকে শ্রমবাজারের উপযোগী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকার ১০০ জন বেকার তরুণ-তরুণী অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ ও শিক্ষানবিশ কর্মসূচির মাধ্যমে নিজেদের দক্ষতা উন্নয়ন করে কর্মজীবনে প্রবেশের প্রত্যাশা দেখা যায়।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় পর্যায়ে বেকার তরুণ-তরুণীদের চিহ্নিত করে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার উদ্যোগ অব্যাহত থাকলে পঞ্চগড়ে কর্মক্ষম জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে।