হরিরামপুরে ১ কোটি ২০ লাখ টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের হরিরামপুরে ৩২ জনের কাছ থেকে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে গ্রামীণ শক্তি নামের একটি এনজিওর পরিচালক মো. মাসুদ রানা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে । এ ঘটনায় মামলা চলমান থাকা অবস্থায় তার নামে রেকর্ডভুক্ত প্রায় ১০১ দশমিক ৫ শতাংশ জমি বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে—এমন অভিযোগ তুলে তা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা ।

বুধবার দুপুরে হরিরামপুর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এতে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন । তারা পাওনা টাকা ফেরত এবং অভিযুক্তের সম্পত্তি বিক্রি বা হস্তান্তর বন্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘদিন আগে বিভিন্নভাবে ৩২ জনের কাছ থেকে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা নেওয়া হলেও তাদের পাওনা অর্থ এখনো ফেরত দেওয়া হয়নি । এ নিয়ে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মামলা চলমান রয়েছে ।

ভুক্তভোগীদের দাবি, মামলা চলমান থাকা অবস্থায় হরিরামপুরের আইলকুন্ডি মৌজায় মাসুদ রানার নামে রেকর্ডভুক্ত প্রায় ১০১ দশমিক ৫ শতাংশ জমি বিক্রির চেষ্টা চলছে । তার স্ত্রী লিলি বেগমের মাধ্যমে ২০২৬ সালে ওই সম্পত্তির বায়না রেজিস্ট্রির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তারা অভিযোগ করেন ।

মানববন্ধনে মোসলেম উদ্দিন, আয়শা, রুবি আক্তার ও আব্দুল করিমসহ কয়েকজন বক্তব্য দেন । তাদের আশঙ্কা, সম্পত্তি বিক্রি বা হস্তান্তর হয়ে গেলে পাওনা টাকা আদায় আরও কঠিন হয়ে পড়বে ।

এ কারণে পাওয়ার দলিল নম্বর-১৭৬১ এবং সংশ্লিষ্ট বায়না দলিল যাচাই, আদালতের কোনো আদেশ, ক্রোক বা নিষেধাজ্ঞা থাকলে তা কার্যকর করা এবং ভুক্তভোগীদের পাওনা অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা ।

অভিযোগের বিষয়ে মো. মাসুদ রানার বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি । ভুক্তভোগীদের দাবি, তিনি বর্তমানে পলাতক রয়েছেন ।

তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com