নওগাঁয় পুকুরে গোসল করতে গিয়ে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের কানমটকা গ্রামে পুকুরের পানিতে ডুবে নুর আলম ও ইব্রাহিম নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর আলম কানমটকা গ্রামের আব্দুল মতিনের ছেলে এবং ইব্রাহিম একই গ্রামের নুরনবীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নুর আলম ও ইব্রাহিম একসঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানা ইব্রাহিম পুকুরের গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে নুর আলম এগিয়ে গেলে সেও পানির গভীরে ডুবে যায়।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধারের চেষ্টা করেন। পরে তাদের পানি থেকে উদ্ধার করা হলেও দীর্ঘ সময় পানিতে ডুবে থাকায় ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।
মামা-ভাগ্নের একসঙ্গে এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানমটকা গ্রামে শোকের ছায়া নেমে আসে।
স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। দুই শিশুকে হারিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।