সোনারগাঁও কিশোরী ধ/র্ষ/ণের অভিযোগে গ্রেফতার ১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ এএম
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁয় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওয়াসিকার মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত ওয়াসিকার মোল্লা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শাসন এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওয়াসিকার মোল্লা দীর্ঘ ৬ বছর ধরে আমগাঁও এলাকার স্থানীয় মনসুর আলীর গরুর খামারে রাখাল হিসেবে কাজ করে আসছিল। অভিযোগ রয়েছে, বাজার থেকে আসা-যাওয়ার পথে বিভিন্ন সময় খাবার ও নগদ টাকার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে যৌন নির্যাতন করে আসছিল সে। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে কিশোরীকে খামারে তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে ওয়াসিকার।ঘটনার পর কিশোরী বিষয়টি তার পরিবারকে জানালে তা দ্রুত এলাকায় জানাজানি হয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয় এবং পুলিশে খবর দেয়।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এইচ এম মো. জসীমউদ্দিন জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে আটক করেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলার প্রস্তুতি চলছে।