লালমনিরহাটে হত্যা মামলার প্রধান আসামি সাভারে গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম
রফিকুল ইসলাম সাবুল :রংপুর প্রতিনিধি
লালমনিরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে মো. আসাদুল হাবিব (৩০) হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. সাগরকে (৩২) গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে ঢাকা জেলার সাভার থানাধীন গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাগর লালমনিরহাট পৌরসভার তেলিপাড়া এলাকার মো. আব্দুস সোবহানের ছেলে। তিনি মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি।
র্যাব জানায়, নিহত আসাদুল হাবিবের পরিবারের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে শরিকদের বিরোধ চলছিল। এর জেরে আসামিরা বিভিন্ন সময় বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে আসামিরা ধারালো ছোড়া, রামদা, লোহার রড, সাবল ও লাঠিসোটা নিয়ে বাদীর বাড়ির সীমানায় প্রবেশ করেন। এ সময় তারা প্রায় ৩০টি সুপারি গাছ কেটে ফেলেন। পরিবারের সদস্যরা বাধা দিলে আসামিরা তাদের ওপর হামলা চালান।
হামলায় বাদী, তার বাবা-মা এবং ছোট ভাই আসাদুল হাবিব গুরুতর আহত হন। একপর্যায়ে আসাদুলকে হত্যার উদ্দেশ্যে তার বুক, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে লোহার সাবল দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে আসাদুল ও তার বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল সকাল ৯টা ১৯ মিনিটে আসাদুল হাবিব মারা যান।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আহসান হাবিব বাদী হয়ে ১১ এপ্রিল লালমনিরহাট সদর থানায় আটজনের নাম উল্লেখ করে এবং আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ১৫।
র্যাব জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, রংপুর ও র্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্প, সাভারের যৌথ দল সাভারের গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করে।
গ্রেফতার সাগরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
আরও পড়ুন
প্রশাসনিক সিদ্ধান্ত ও সার ডিলার নিয়োগে অনিয়ম হলে ৫ আগস্টের পুনরাবৃত্তি ঘটবে: মুফতি আমির হামজা
চট্টগ্রাম বন্দর এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি নাগরিক ফোরামের