সাংবাদিক পুলকের লাশের পাশে পাঁচটি চিঠি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ এএম
নিজস্ব প্রতিবেদক :
দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর সাবেক প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জীর ঝুলন্ত লাশ উদ্ধারের সময় পাঁচটি চিঠি বা সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ । স্ত্রী ও মেয়ে, ছোট ভাই, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সাবেক সহকর্মী এবং প্রশাসনের উদ্দেশে পৃথক চিঠিগুলো লেখা হয় ।
শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে সমকালের বরিশাল ব্যুরো কার্যালয় থেকে পুলকের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা কার্যালয়ের ভেতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে । রাত ৯টার দিকে লাশটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ।
প্রশাসনের উদ্দেশে লেখা চিঠিতে পুলক তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ করেছেন । দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং সুস্থ হওয়ার জন্য দেশ-বিদেশে চিকিৎসা নিয়েও সুস্থ হতে পারেননি বলেও চিঠিতে লিখেছেন তিনি । তাঁর লাশ যেন পরিবারের কাছে হস্তান্তর করা হয়, সে অনুরোধও করেন ।
স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশে লেখা চিঠিতে ক্ষমা চেয়ে মেয়েকে পড়াশোনা ও গান শেখা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন পুলক । ছোট ভাই দীপক ও তাঁর স্ত্রী ইতিকে লেখা চিঠিতে স্ত্রী ও মেয়েকে দেখভালের অনুরোধ করেন তিনি ।
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের উদ্দেশে লেখা চিঠিতে পুলক তাঁদের দীর্ঘদিনের সম্পর্ক ও স্মৃতির কথা উল্লেখ করেন । তাঁর পরিবারকে খোঁজ রাখার অনুরোধও করেন তিনি ।
দীর্ঘদিনের সহকর্মী দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বে থাকা সুমন চৌধুরীর উদ্দেশে লেখা চিঠিতে পুলক তাঁদের প্রায় দেড় যুগের কর্মসম্পর্কের কথা উল্লেখ করেন । কোনো কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে তিনি সমকালের কাছে তাঁর পাওনা অর্থ আদায় করে তা তাঁর স্ত্রীর হাতে দেওয়ার অনুরোধ করেন ।
বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, ‘সুইসাইড নোট পাওয়া গেছে । বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
পুলক চ্যাটার্জী দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন । ২০২৩ সালের মে মাসে তাঁর চাকরি চলে যায় । এরপর থেকে তিনি হতাশায় ছিলেন বলে তাঁর সহকর্মীরা জানান । মাঝেমধ্যে তিনি সমকাল কার্যালয়ে এসে বসতেন ।
পুলক বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য ছিলেন ।