হিজুলিয়াতে বাবা-মাকে মারধরের অভিযোগ, ছেলের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে বাবা-মা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম

স্টাফ রিপোর্ট, সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ :

 

নেশাগ্রস্ত ছেলের মারধর ও নির্যাতনের ভয়ে ১১ দিন ধরে এক দম্পতি বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকার অভিযোগ উঠেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হিজুলিয়া গ্রামের পূর্বপাড়া এলাকার সালমান নামের ২২ বছর বয়সী এক নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে ।

ভুক্তভোগী দম্পতি হলেন- হিজুলিয়া গ্রামের মরহুম আব্দুল খালেক খন্দকারের ছেলে জয়নাল আবেদীন ওরফে খন্দকার জনু (৬০) এবং তার স্ত্রী ছালমা আক্তার (৫০) । ঐ দম্পতির অভিযোগ, তাদের একমাত্র ছেলে সন্তান সালমান (২২) কয়েক বছর ধরে মাদকাসক্ত । নেশার টাকা না দিলে তিনি বাবা-মাকে মারধর করেন ।

বর্তমানে নিরাপত্তার জন্য অভিযুক্ত ঐ নেশাগ্রস্ত যুবকের বাবা-মা ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাংগালা পূর্বপাড়া গ্রামের মৃত তফিউল ইসলামের বাড়িতে আশ্রয় নিয়েছেন । 

বাবা জয়নাল আবেদীন ও মা ছালমা আক্তার বলেন, করোনা মহামারির সময় এসএসসি পাস করার পর থেকে সালমান বেকার অবস্থায় বাড়িতে থাকে । এরপর গত চার-পাঁচ বছরে তিনি মাদকে জড়িয়ে পড়ে । ধীরে ধীরে তার আচরণও অস্বাভাবিক হয়ে ওঠে । নেশার টাকা না পেলে বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করে । এর আগেও কয়েকবার ছালমা আক্তারকে মারধর করা হয়েছে বলে তারা জানান ।

পরিবারের সদস্যদের ভাষ্য, প্রায় ১০ থেকে ১২ দিন আগে সালমানের মারধর থেকে বাঁচতে জয়নাল আবেদীন তার স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন । এরপর থেকে তাঁ্রা আর নিজেদের বাড়িতে ফিরতে পারেননি । নিরাপত্তার কথা বিবেচনা করে বর্তমানে স্বজনের বাড়িতেই অবস্থান করছেন তারা ।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সালমান নামের নেশাগ্রস্ত ঐ যুবককে একটি মাদক নিরাময় কেন্দ্রে রাখা হয়েছিল । সেখান থেকে ফিরে আসার পর তার আচরণ আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে পরিবারের অভিযোগ ।

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকে গভীর রাত ১টা-দেড়টা পর্যন্ত সালমানের বাড়িতে অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যায় । এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে । তবে সালমানের ভয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে চান না বলে স্থানীয়রা জানান ।

এ অবস্থায় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন জয়নাল আবেদীন ও তার স্ত্রী । একই সঙ্গে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও ।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি । তবে বিষয়টি তিনি শুনেছেন । অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে সালমানকে আটক করে জিজ্ঞাসাবাদ এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com