গাজীপুর মহানগরে মাদ্রাসা ছাত্রকে শিক্ষকের গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা, শিক্ষক থানা হেফাজতে

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাকরাউরী এলাকায় একটি বেসরকারি মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে এক শিশুশিক্ষার্থীকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক হওয়ার পর অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে গেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সাকরাউরী এলাকার মাদ্রাসাতুল দারুত তাকওয়া নামের একটি বেসরকারি মাদ্রাসায় ওই শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রের শরীরের পেছনের অংশে আগুনে গরম করা খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মুন্সি মার্কেট ও সাকরাউরী এলাকার স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করেন।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে গাছা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যান।

এলাকাবাসীর অভিযোগ, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে এক শিশুকে মারধর করে তার হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় তাকে মোটা অঙ্কের জরিমানাও দিতে হয়েছিল বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত আনুমানিক ৭টা থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com